প্রকাশিত: Tue, Mar 28, 2023 11:49 PM
আপডেট: Wed, Aug 5, 2026 11:31 PM

সৌদিতে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশিসহ ২৩ ওমরাহ হজ যাত্রী নিহত, আহত ২৯

আবদুল্লাহ আল মামুন, রিয়াদ থেকে: সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি আসির প্রদেশের আকাবাত শার এলাকার খামিস মুশায়েত থেকে আভা শহরের মধ্যদিয়ে মক্কার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসটিতে  আগুন ধরে যায়। বাসটিতে ব্রেক কাজ করছিল না বলে জানা যায়। আল আরাবিয়া নিউজ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। 

নিহত বাংলাদেশিদের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে মুহাম্মদ আসিফ এবং একই ইউনিয়নের বড় ডেইল এলাকার সেফায়েত।

সৌদি আরবের আল এখবারিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন। তাদের পরিচয়ের ব্যাপারে খোঁজ চলছে বলেও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।  দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। এসময় দুর্ঘটনাস্থলে সাধারণের চলাচল ও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে দেশটির মদিনা শহরের কাছে ২০১৯ সালের অক্টোবরে একটি বাস ও অপর একটি ভারী যানের মুখোমুখি সংঘর্ষে ৩৫ বিদেশি নিহত হয়েছিলেন। সম্পাদনা: জাফর খান, সালেহ্ বিপ্লব